২৮ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের একদিন বাকি থাকতে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানালো জাতীয় পার্টি।
শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমর্থন জানানো হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির এ টি ইউ তাজ রহমান এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া এমপি।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সিলেটবাসীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোন প্রার্থী দেয় নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমে নেই। ২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।
এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ কামরানকে সমর্থন জানানোয় জাতীয় পার্টির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহকায়ক ইশরাকুল ইসলাম শামিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলীসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/কেআর/ঘ.)