২৮ জুলাই ২০১৮


ঝুঁকিপূর্ণ ৮০ টি কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ রাত ১২টায় শেষ হচ্ছে। প্রার্থীদের সর্বশেষ নির্বাচনী জনসভাও অনুষ্ঠিত হবে আজ। গত ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর সিসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের ১৩৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টি ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’(ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা থেকে কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট কেন্দ্রের অর্ধেকের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হওয়া নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা। তবে, এসব কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে ব্যালট ছিনতাই, জাল ভোট ও প্রভাব বিস্তার ঠেকাতে নিয়োগ দেয়া হয়েছে পর্যবেক্ষক; গঠন করা হয়েছে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, ‘সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা থেকে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্রের তালিকা প্রদান করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তায় একজন এসআই ও এএসআই, ৫ জন কনস্টেবলসহ সশস্ত্র ৭ পুলিশ সদস্য, লাঠিসহ ১২ আনসার সদস্য, ৩ জন ব্যাটালিয়ন আনসার সদস্য, ১ জন এপিসি আনসার সদস্য ও ১জন পিসি আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রের প্রতি ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজরদারীও থাকবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরে নির্বাচনকালীন সংঘটিত অপরাধের বিচারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৯ কর্মকর্তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনের আগের দিন রোববার থেকে বুধবার পর্যন্ত নগরে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি’র ১৪ প্লাটুন সদস্যসহ র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য মোতায়েন করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন এমন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

এদিকে, নির্বাচন কমিশন শুক্রবার রাত ১২টার মধ্যে বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ দেয়।

প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন