২৮ জুলাই ২০১৮
উত্তম দাস : সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে সিলেট-১ আসন। এই আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের সময়ে এই আসনে ব্যাপক উন্নয়ন করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই আসনে থাকায় উন্নয়ন হয়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকারও। কিন্তু সিসিকের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উন্নয়ন বক্তব্যে নেই অর্থমন্ত্রীর কৃতিত্ব। এনিয়ে ক্ষমতাশীন দল সহ সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে।
বিগত ৫ বছর সিলেট সিটিতে যেসব উন্নয়ন হয়েছে; তার অন্তরালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের যথেষ্ট অবদান থাকা সত্বেও ঘুণ্য অক্ষরে তার নাম নেননি সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার আরিফুল হকের নির্বাচনী ইশতেহারে উন্নয়নমূলক কর্মকান্ডে অর্থমন্ত্রীর কোনো ভূমিকার কথা বলেননি তিনি। এমনকি জেল-জুলুম-নির্যাতনের পর যে ২ বছর সিলেট নগরীতে উন্নয়ন হয়েছে তার সবটুকু অবদানই আরিফুল হক চৌধুরীর নিজের।
তার নির্বাচনী ইশতেহারে এমনটা উল্লেখ করে বলেন, ঢাকায় এক সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর মৃত ভেবে রাস্তার পাশে রাখা হয়েছিলো তাকে। সেই মৃতপ্রায় অবস্থা থেকে পুনর্জন্মা আরিফ তখনই শপথ নিয়েছিলেন জীবনের শেষদিনটি পর্যন্ত তিনি নগরবাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবেন এবং সেই লক্ষেই তিনি তার কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
তার নির্বাচনী ইশতেহারে সিলেট বিভাগের উন্নয়নের রূপকার, সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মাধ্যমে নগরীতে আরিফুল হক চৌধুরীর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহ উল্লেখ করেন। এছাড়া তার শেষ সময়ে দুই বছরে যেসব কাজ বাস্তবায়ন করেছেন ও যেসব কাজ চলমান আছে সেসব প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেন। কিন্তু এতোসব উন্নয়নের সাথে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নাম উল্লেখ করেননি তিনি।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান আজকের সিলেটকে বলেন, বর্তমান সরকারের সময়েই স্থানীয় সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের নির্বাচনী এলাকা হিসেবে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু সদ্য বিদায়ী অকৃতজ্ঞ মেয়র একবারের জন্যও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নি। জনগন ভোটের মাধ্যমে এই অকৃতজ্ঞতার জবাব দিবে।
সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এ্যডভোকেট আব্বাস উদ্দিন আজকের সিলেটকে বলেন, আমরা আসলেই অমরা খুবই অকৃতজ্ঞ। না হলে জীবনের এই শেষ সময়ে যিনি অত্যন্ত পরিশ্রম করে সিলেট নগরীর উন্নয়ন করেছন। কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্ধ এনেছেন। সেই অর্থমন্ত্রীর অবদানকে অস্বীকার করা হলো। সিলেটবাসীর হৃদয়ে কোন অকৃতজ্ঞের স্থান নেই।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদার আজকের সিলেটকে বলেন, সিলেটবাসী আর কত নাটক দেখবে? জেলে থেকেও উন্নয়নের ক্রেডিট নিতে ব্যস্থ। বাস্তবতা হচ্ছে অর্থমন্ত্রী এই আসনের সংসদ সদস্য হওয়ার বদৌলতেই সিলেট নগরবাসী কাংখিত উন্নয়ন পেয়েছেন। আমরা ব্যবসায়ীরা কোন অকৃতজ্ঞের সাথে নেই।
(আজকের সিলেট/২৮ জুলাই/এমকে/ঘ.)