২৪ জুলাই ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. আবু তাহের (৬৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। নিহত আবু তাহের উপজেলার বেলঘর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে ও ৭নং জগদীশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মোড়ের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার এসআই বিল্লাল হোসেন জানান, দুপুরে ইউপি সদস্য আবু তাহের ও তার ছেলে হোসাইন মিয়া (২৫) মোটরসাইকেলযোগে জগদীশপুর থেকে মাধবপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের পেছনে বসে থাকা আবু তাহের। এ সময় আঘাতপ্রাপ্ত হন তার ছেলে হোসাইন মিয়া। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু তাহেরের মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
(আজকের সিলেট/২৪ জুলাই/ডি/এসসি/ঘ.)