২৪ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দুই কর্মীকে আটক করাকে কেন্দ্র করে নেকাতর্মীদের নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয় ঘেরাও করার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রায় ৫০জন বিএনপি নেতা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, বিচ্ছিন্নভাবে আমাদের প্রায় ৫০জন নেতাকর্মী এই মামলায় জামিন নিয়েছেন। জামিন নিয়ে আমরা এখন সিলেটের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছি।
জামিনপ্রাপ্ত সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগরের সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগরের সহ সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
প্রসঙ্গত, দুই কর্মীকে ছাড়িয়ে নিতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ ঘটনার পর পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শাহপরাণ থানায় বিএনপির ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে শাহপরাণ থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে ওই মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদসহ ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
(আজকের সিলেট/২৪ জুলাই/ডি/কেআর/ঘ.)