১৬ মার্চ ২০২৩


ফেঞ্চুগঞ্জের ৩ ইউনিয়নে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- ৩ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা এবং  দুইটিতে বিএনপি ও অন্যান্য মিলে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফেঞ্চুগঞ্জের দুই ইউনিয়নে বেসরকারী হিসেবে নৌকার ভরাডুবি হয়েছে।

উপজেলার ১নং সদর ইউনিয়নে তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী , ২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে এবং ৩নং ঘিলাছড়া ইউনিয়নেও সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বাকি দুই ইউনিয়নের মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার  ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সবগুলো ইউনিয়ন পরিষদেই ভোটগ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) । ইউনয়িনগুলো হচ্ছে ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ। পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৭২ ও সংরক্ষিত নারী আসনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রকাশিত খসড়া অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৪৮ হাজার ৩১৭ ও নারী ৪৫ হাজার ৯২১ জন।

শেয়ার করুন