২১ জুলাই ২০১৮


আরিফের প্রচারনায় মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে নিয়ে গুজব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী বিএনপি মনোনিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়েছেন এবং বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে প্রচারণায় অংশ নিয়েছেন বলে আরিফুল হকের জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদও প্রকাশিত হয়। কিন্তু এটিকে স্রেফ গুজব বলে জানিয়েছেন মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, শুক্রবার আরিফুল হক চৌধুরী জুমার নামাজ আদায় করেন সুবহানীঘাটস্থ দারুস সুন্নাহ ইয়াকুবিয়া মাদরাসায়। জুমার পর স্বাভাবিকভাবেই আরিফুল হক তার সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করে ছবি তুলেন। এর বাহিরে কিছু নয়।

এ সম্পর্কে সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্জ্ব শেখ মখন মিয়া জানান, আমি সরেজমিনে উপস্থিত ছিলাম । হুছাম উদ্দিন চৌধুরী কে আরিফ সাহেব শুধু লিফলেট দেন এর পর হুছাম উদ্দিন লিফলেট হাতে নিয়ে কোন মন্তব্য না করে তিনির নিজের গাড়িতে উঠে চলে যান এবং তিনি কোন গণসংযোগেও যোগ দেন নাই।কোন মন্তব্য করেন নাই।

(আজকের সিলেট/২১ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন