২১ জুলাই ২০১৮
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জে স্বামীর পিটুনিতে শায়লা আক্তার (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত সাহানা বেগম কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের কদর আলীর মেয়ে। এ ঘটনার স্বামী ফেরদৌস মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধুর তার মৃত্যু হয়।
জানা যায়, ৫ বছর পূর্বে কমলগঞ্জ উপজেলার পতনঊষার গ্রামের কাদির মিয়ার ছেলে ফেরদৌস মিয়ার সাথে তাঁহার বিয়ে হয়। তাদের দেড় বছরের এক শিশু সন্তান রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শায়লা আক্তারকে শুক্রবার রাতে বেদড়ক মারধর করে ফৌরদৌস। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় শায়লাকে উদ্ধার করে রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শায়লা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, নিহত শায়লা আক্তারের পরিবারের অভিযোগ তার স্বামী ফেরদৌস মিয়া তাকে হত্যা করেছেন। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বোঝা যাবে।
(আজকের সিলেট/২১ জুলাই/ডি/এসসি/ঘ.)