১৯ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, গত ৫ বছরের মধ্যে এবারের পরীক্ষা সবচেয়ে পাসের হার কমেছে সিলেটে। এ বোর্ডে ২০১৪ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৬, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭, ২০১৬ সালে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৯, ২০১৭ সালে ৭২। আর এবারের পাসের হার ৬২ দশমিক ১১। যা গতবারের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কম।
গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭০০ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন। যা গতবারের চেয়ে ১৭৩ বেশি। তবে ২০১৪ সালের ফলাফলে রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ডে। যা পরবর্তীতে গত তিনবছরে ক্রমান্বয়ে কমেছে। ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ২হাজার ৭০জন, ২০১৫ সালে ১হাজার ৩৫৬ জন, ২০১৬ সালে ১ হাজার ৩৩০ জন জিপিএ ৫ পায়।
এবছর সিলেটে ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৪১ হাজার ১২৭ জন। এদের মধ্যে ছেলে ১৯ হাজার ১৮৬জন ও মেয়ে শিক্ষার্থী ২৪ হাজার ৯৪১জন। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, ইংরেজীতে বেশি ফেল করায় পাসের হার কমেছে। তবে সার্বিক ফলে তারা সন্তুষ্ট। পাসের হার কমলেও গুণগত মান বৃদ্ধি পেয়েছে।
বোর্ডের অধিনে ২৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ১০। এছাড়া শতভাগ ফেল করা প্রতিষ্ঠান রয়েছে ২টি।
(আজকের সিলেট/১৯ জুলাই/ডি/এমকে/ঘ.)