১৩ জুলাই ২০১৮


সুরমা নদী থেকে যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদী থেকে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে সাকিব উদ্দিন (১৮) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদীতে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক রাজিব আহমদ জানান, লাশটি দেখে আশিক মিয়া এটি তার ভাই সাকিব উদ্দিনের বলে সনাক্ত করেছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদরের টুকেরগাঁওয়ে। সাকিব অটোরিকশা চালক ছিলেন। দুই দিন আগে তিনি অটোরিকশাসহ নিখোঁজ হন।

পুলিশ সুত্রে জানা যায়, লাশের দুই হাত পিছন দিক থেকে রশি দিয়ে বাঁধা ছিল। পাশাপাশি লাশের গায়ে খয়েরি রঙের টি-শার্ট ও পরনে কালো রঙের হাফ টাউজার রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। তদন্তের পর পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(আজকের সিলেট/১৩ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন