৮ জুলাই ২০১৮


সাংবাদিকদের তোপের মুখে বদরুজ্জামান সেলিম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম আরিফুল হক চৌধুরীর ‘স্বশিক্ষিত’ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন।

রোববার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরিফুল হক চৌধুরী কলেজে লেখাপড়া করেও হলফ নামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন।

তিনি আরো অভিযোগ করে বলেন, এই অনিয়মের জন্য আরিফুল হক চৌধুরীর নমিনেশন বাতিল হবার কথা থাকলেও সরকারের কোন মহলের আর্শীবাদে নাকি তিনি পার পেয়ে যান।

তার এমন বক্তব্য শুনে সাংবাদিকদের তোপের মুখে পড়েন বদরুজ্জামান সেলিম। তারা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার পরও একজন মানুষ নিজেকে ‘স্বশিক্ষিত’ বলতে পারে এতে তথ্য গোপন হবার মতো কোন ঘটনা ঘটেনা। জনপ্রতিনিধি হবার ক্ষেত্রে আমাদের সংবিধানের কোথাও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ নেই।

বিএনপির সিনিয়র এবং বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর) যথেষ্ট শিক্ষিত হওয়ার পরও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছিলেন। বিএনপির নেত্রী এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে তাঁর নির্বাচনী হলফ নামায় উল্লেখ করেছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে বদরুজ্জামান সেলিম তার বক্তব্যের মধ্যে বার বার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন করা শুরু করলে কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে বলেন, সেলিম সাহেব আপনি আপনার বক্তব্য দিয়ে যান। আমাদেরকে প্রশ্ন করবেন না। আমরা আপনার রাজনৈতিক কর্মী নই।

সংবাদ মম্মেলনে মহানগর বিএনপির কোন নেতা তার সাথে দেখা না গেলেও তিনি দাবী করেন, দলের অধিকাংশ নেতা-কর্মী তার সাথে রয়েছেন। এ প্রসঙ্গে একজন সাংবাদিক জানতে চান, মহানগর বিএনপির কোন কোন নেতা তার সাথে রয়েছেন। জবাবে সেলিম জানান, বিশেষ কারনে তাদের নাম বলা যাবেনা।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন