৭ জুলাই ২০১৮


জেসাসের নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জুড়ী স্টুডেন্টস্ এসোসিয়েশন, সিলেট’র নবীনবরণ  ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‘ফ্রেশার রিসিপশন এন্ড কনগ্রিগেশন অব দা জেসাসিয়ান’ শিরোনামের এ অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় আম্বরখানার মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে শুরু হয়।

সংগঠনের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ইফতেখার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষাবোর্ডের সেকশন অফিসার আবুল কালাম এবং ব্যবসা প্রতিষ্ঠান ইউরোপ্লাসের সিইও আব্দুল কাদির।

সিলেটে অধ্যয়নরত জুড়ী উপজেলার সকল শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি এবং শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘জুড়ী স্টুডেন্টস্ এসোসিয়েশন, সিলেট’ (জেসাস)।

প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রাম, অসহায় শিক্ষার্থীদের সাহায্য, শীতবস্ত্র বিতরণ এবং রক্তদানের মতো সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

সহ-সাংগঠনিক সম্পাদক তপন দেব নাথ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক ইমা নাজমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সামজকল্যান সম্পাদক জিল্লুর রহমান। পরে নবীন সদস্য এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে  নেন সংগঠনের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার আলম বলেন, নবীনদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি, এ অনুষ্ঠানে সিলেটে অধ্যয়নরত জুড়ীর সকল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, জেসাস একটি সামাজিক সংগঠন। জুড়ী উপজেলার সংগঠন হলেও আমাদের কার্যক্রম সমস্ত সিলেটজুড়ে। আশা করি নতুন সদস্যরা সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠনকে আরও সামনের দিকে নিয়ে যাবে।

বিশেষ অতিথি আব্দুল কাদির বলেন, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হয়। জেসাস হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে সমাজের উন্নয়নের জন্য কাজ করা হয়।

সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সংগঠনের সভাপতি হোসাইন ইমরান।

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/৭জুলাই/ঘ.)

 

শেয়ার করুন