৫ জুলাই ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান উপ-নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী মিজবাহ উদ্দিন ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালানোয় তার বিরুদ্ধে নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ দাখিল করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন।
তিনি বুধবার সন্ধ্যায় এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মোর্শেদ আলম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার আওয়ামী লীগ প্রার্থী মিজবাহ উদ্দিন ভুঁইয়া হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে আজমিরীগঞ্জ গিয়ে জনসভা করেন। মিজবাহ উদ্দিন ভুঁইয়ার কর্মীরা এ নিয়ে আগে থেকেই এলাকায় মাইকিং করেছেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয়। আওয়ামী লীগ প্রার্থীর এ ধরণের উচ্ছৃঙ্খলতা সুষ্ঠু নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজমিরীগঞ্জের সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আতর আলী মিয়ার ছেলে ও যুবলীগ নেতা আল আমিন হত্যা মামলার প্রধান আসামী মিজবাহ উদ্দিন ভুঁইয়া গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পান। তারপর মঙ্গলবার বিকেলে একটি হেলিকপ্টারযোগে পুরো উপজেলা ঘুরে কাকাইলছেও মাঠে অবতরণ করেন। হেলিকপ্টার থেকে মিজবাহর সঙ্গে নামে আল আমীন হত্যা মামলার আরও কয়েকজন আসামী।
স্থানীয়রা আরও জানিয়েছেন, মিজবাহ উদ্দিন ভুঁইয়া যে হেলিকপ্টার দিয়ে আজমিরীগঞ্জ যাবেন মাইকিং থেকে তা জানার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের হস্তক্ষেপে হেলিকপ্টারটি মিজবাহ উদ্দিন ভুঁইয়ার বাড়ি কাকাইলছেও গ্রামের মাঠে অবতরণ করে।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ স্বাধীন মিয়া মন্তব্য করেছেন, এভাবে হেলিকপ্টার নিয়ে ফিল্মি স্টাইলে নির্বাচনি এলাকায় যাওয়ায় মিজবাহ উদ্দিন ভুঁইয়ার বিষয়ে সবার মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
(আজকের সিলেট/৫ জুলাই/ডি/কেআর/ঘ.)