২ জুলাই ২০১৮


নৌকা পেলো সুনামগঞ্জের ৪ থানা পুলিশ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার নৌ-পথে চাঁদাবাজি বন্ধে সদর মডেল থানাসহ ৪ থানার পুলিশকে নৌকা প্রদান করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান। নৌকাগুলো থানার আওতাধীন হাওর এলাকাতেও নিয়মিত টহল পরিচালনার কাজে ব্যবহৃত হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সুরমা নদীর তীরে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহর কাছে আনুষ্ঠানিকভাবে নৌকাগুলো হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান।

পুলিশ জানায়, প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৪টি ইঞ্জিনচালিত নৌকা। জেলা সদরসহ ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর থানায় এসব নৌকা হস্তান্তর করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহবুবুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার ওসি (ওয়াচ) লতিফুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি কাজী মুক্তাদীর হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, জেলার সকল অঞ্চলে নাগরিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে আরও কঠোরভাবে পুলিশ কাজ করছে। নদী ও হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় যেসব অঞ্চলে চুরি হওয়ার ভয় আছে বা অপরাধ সংগঠিত হতে পারে এমন ঝুঁকি রয়েছে সেসব এলাকায় এসব নৌকা দিয়ে আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। নৌ-পথে চাঁদাবাজি ঠেকাতে আমাদের পেট্রোল টিম টহল কাজ পরিচালনা করবে। অপরাধ দমনে জেলা পুলিশ স্থলভাগে যেভাবে কাজ করছে জলভাগেও সেভাবেই কঠোর। শান্তিপূর্ণ এই জেলাকে কোনভাবেই অশান্ত হতে দেওয়া হবে না।

(আজকের সিলেট/২ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন