১ জুলাই ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত কুরফান আলীর ছেলে ইমদাদুল হক (৬৫) ও শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা (২৫)।
রোববার বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কেশবপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ছোট নৌকায় করে মুর্তাখাই গ্রামে যাওয়ার পথে জোড়াশিঙ্গা হাওরের বড়ব্রিজ সংলগ্ন এলাকায় প্রচণ্ড বাতাসের কবলে পড়ে হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় তিন শিশু আহত হয়েছে।
আহত শিশুরা হলো- নিহত হুসনে আরার দুই ছেলে রাফি মিয়া (৪) ও আবির মিয়া (২), আবদুল বাছিত (৩)। আহত শিশুদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে।
(আজকের সিলেট/১ জুলাই/ডি/এসসি/ঘ.)