১ জুলাই ২০১৮

শাবি প্রতিনিধি
কোটার সংস্কার চেয়ে আসা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত কর্মসূচী শাখা ছাত্রলীগের বাধায় পন্ড হয়েছে।
রবিবার বেলা ১১টায় পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নিতে আসলে কোটা সংস্কার আন্দোলনের শাবির আহ্বায়ক মো. নাসির উদ্দিনকে ছাত্রলীগ কর্তৃক শাহপরান হলে আটকে রাখার অভিযোগ করছেন আন্দোলনকারীরা।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শাবিতে রবিবার বেলা ১১টায় মানববন্ধন হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের বাধার কারণে তা অনুষ্ঠিত হয়নি।
কোটা সংস্কার আন্দোলনের শাবি’র যুগ্ম আহ্বায়ক এন এইচ খন্দকার নোমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে নাসির উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে হুমকি দেয়ার কারণে আমরা মানববন্ধন করতে পারিনি।
তিনি বলেন, আমরা কোটা বাতিল নয় যৌক্তিক সংষ্কার চেয়েছিলাম। এটা মানা না হলে আমাদের সাথে অন্যায় করা হবে। আশা করি প্রধানমন্ত্রী খুব দ্রæত ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করবেন।’
শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের মানববন্ধনে আমাদের পক্ষ থেকে বাঁধা দেয়া হয়নি। তাদের কর্মসূচি না করার জন্য অনুরোধ করছিলাম, তারা আমাদের কথা রেখে চলে গেছে।’
উল্লেখ্য, কোটা বাতিলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের জন্য গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের পূর্বে ছাত্রলীগ হামলা করে। এ ঘটনায় যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরুসহ প্রায় ১০জন কোটা সংস্কার আন্দোলনকারী আহত হন।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১জুলাই/ঘ.)