২৭ জুন ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পরিবারের সঙ্গে অভিমান করে ফয়জুল মোস্তাক তন্ময় (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মোস্তাক উপজেলার বাল্লা রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
বুধবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. আলী আশরাফ জানান, বাল্লা রোড এলাকার ৩ তলা একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মাওলান আশরাফ ও তার পরিবার।
মঙ্গলবার দিবাগত গভীর রাত পর্যন্ত তন্ময়কে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পার্শ্ববর্তী একটি খালি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মোস্তাকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোস্তাকের স্বজনরা জানিয়েছে— তাকে ক্যারাম বোর্ড কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
(আজকের সিলেট/২৭ জুন/এসটি/ঘ.)