২৭ জুন ২০১৮


হবিগঞ্জ-লাখাই সড়ক সংস্কারে ১৪৬ কোটি টাকা বরাদ্দ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : লাখাইবাসী জনদুর্ভোগ লাঘবের জন্য এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রচেষ্টায় ১৪৬ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ-লাখাই সড়কের সংস্কার ও ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। এর ফলে লাখাইবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-লাখাই সড়কটি সংস্কার না করার ফলে বিভিন্ন স্থান ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও রাস্তার ব্রিজগুলো দুর্বল হওয়ার কারণে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এ অবস্থায় যানবাহন চলাচলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার জনগণ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এমপি অ্যাডভোকেট আবু জাহিরের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

সম্প্রতি রাস্তাটি সংস্কারের জন্য ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী যানবাহন সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য পরিবহনের শ্রমিকরাও স্থানীয় এ সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে সড়কটি সংস্কারের দাবি জানান।

এই পরিপ্রেক্ষিতে এমপি আবু জাহির রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে মন্ত্রণালয় থেকে রাস্তা ও ব্রিজগুলো নতুন করে নির্মাণের জন্য ১৪৬ কোটি টাকার বরাদ্দ নিয়ে আসেন অ্যাডভোকেট মো. আবু জাহির।

রাস্তাটি হবিগঞ্জ থেকে বলভদ্র সেতু হয়ে ঢাকায় যোগাযোগের মাধ্যম আরো সহজ হবে। পাশাপাশি ব্রিজগুলো দিয়ে ভারী যানবাহন চলাচল করার সুযোগ পাবে। ফলে লাখাই’র সাথে হবিগঞ্জসহ সারা দেশের ব্যবসা বাণিজ্য আরো প্রসার হবে।

লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম জানান, এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির নির্বাচিত হওয়ার পর লাখাই উপজেলার আমূল পরিবর্তন হয়েছে। তিনি বলভদ্র সেতুতে ব্রিজ নির্মাণ করেছেন। এছাড়াও স্কুল, কলেজ, রাস্তাঘাট নির্মাণসহ লাখাইয়ে গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। হবিগঞ্জ-লাখাই সংস্কার জন্য তিনি ১শ ৪৬ কোটি টাকা বরাদ্দ এনেছেন। ইতোমধ্যে হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের অধিনে রাস্তার সংস্কার কাজ বলভদ্র সেতু থেকে শুরু হয়ে বামৈ পর্যন্ত এসেছে। নির্মাণ কাজ দ্রুতই চলছে।

তিনি বলেন, নতুন এ বরাদ্দের আওতায় রাস্তার পুরাতন বুল্লাবাজার সংলগ্ন ব্রিজ, করাব বেকিটেকা ব্রিজ, লুকড়া ব্রিজ ও রিচি মংলার খালের ব্রিজ ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে। এগুলো দিয়ে ভারী যান চলাচল করতে পারবে। ওই রাস্তা ও ব্রিজগুলো নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধিনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সমূহ যাবতীয় প্রশস্ততার উন্নতিকরণ সিলেট জোন প্রকল্পের আওতায় হবিগঞ্জ-লাখাই সড়কের ২৬ কিলোমিটার উপরে রাস্তা সংস্কার ও ৪টি ব্রিজ নির্মাণে ১৪৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করে রাস্তাটি সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী ২ বছরের মধ্যে রাস্তা ও ব্রিজ নির্মাণকাজ শেষ করা হবে বলে তিনি জানান।

(আজকের সিলেট/২৭ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন