২৩ জুন ২০১৮


গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। আহত অন্য ২ জন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জন কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রাপ্ত তথ্যে জানাযায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের উত্তর বাগিরঘাট এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর বাগিরঘাট এলাকার ফখর উদ্দিনের সাথে চাচাতো ভাই আব্দুল খালিক (খয়াই)-এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতোপূর্বে ঝগড়া-বিবাদ ও স্থানীয়ভাবে আপোস মিমাংসাও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আব্দুল খালিকের ছেলে দুলাল আহমদের সাথে ফখর উদ্দিনের ঝগড়া বিবাদ হয়।

এসময় স্থানীয়রা আপোস মিমাংসা করার আশ্বাস দিয়ে উভয় পক্ষকে নিভৃত করেন। বিকেলে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এতে ৪ জন আহত হন। তারেক আহমদ (২১), ফখর উদ্দিন (৫০), সাজু আহমদ (২৩) ও রুবেল আহমদ (৩২)।

আহত ফখর উদ্দিন জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপোষ মিমাংসার আশ্বাস দেওয়ার পরও বিকেল ৪টার দিকে দুলাল মিয়া হঠাৎ করে এসে আমার উপর হামলা করে। দা দিয়ে আমার মাথায় আঘাত করে। আঘাত প্রতিহত করতে গিয়ে আমার বাম হাতের ৩টি আঙ্গুল কেটে জখম হয়। আমার চিৎকার শুনে আমার ছেলে তারেক ও সাজু এগিয়ে এলে দুলাল ও জালালসহ ৩/৪ জন দা ও চাইনিজ কুড়ালসহ দেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। তারেককেও মাথায় কোপ দেওয়া হয়। এসময় দার কোপ প্রতিহত করতে হাত বাড়িয়ে দিলে তারেকের বাম হাতের তালুতে কেটে হাত ঝুলে যায়। সাজুর হাতের গোড়ায়ও জখম হয়। এসময় রুবেল আহমদ আমাদের বাঁচাতে এগিয়ে এলে তিনিও আঘাতপ্রাপ্ত হন।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী প্রতিবেদককে জানান, পুলিশ ঘটনা সম্পর্কে অবহিত হয়েছে এবং তদন্ত করছে, মামলা প্রক্রিয়াধিন আছে।

(আজকের সিলেট/২৩ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন