২১ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট ও জিন্দাবাজার এলাকা থেকে অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণে অভিযান চালানো হয়েছ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরজমিনে দেখা যায়, সিলেট নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট ও জিন্দাবাজার এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন নেতা ও প্রতিষ্ঠানের নামে লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড খুলে ফেলছেন সিসিকের পরিচ্ছন্ন কর্মীরা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এস নুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা খাতুন, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এস নুরুল হক বলেন, ‘নির্বাচনের আইন ও বিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হওয়া পর্যন্ত কেউ কোনো পোস্টার, ব্যানার, লিফলেট, বিলবোর্ড লাগাতে পারবেন না। যদি কেউ লাগান তবে আচরণবিধি লঙ্ঘিত হবে। যারা আচরণবিধি বা নির্বাচনের আইন লঙ্ঘন করবেন, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। যাতে কেউ বিধি লঙ্ঘন না করেন সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’
এসময় তিনি নগরীর বিভিন্ন স্থানে লাগানো সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, ব্যানার নিজ উদ্যোগে সড়িয়ে ফেলার অনুরোধ জানান। অন্যথায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
(আজকের সিলেট/২১ জুন/ডি/এসটি/ঘ.)