২০ জুন ২০১৮


মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি :: উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার পৌরসভা, কুলাউড়া, কমলগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এবং রাজনগর উপজেলায় বন্যার অবনতি হয়েছে। তবে এখনও পানিবন্ধি রয়েছেন সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজনগর উপজেলার কালাইরগুল ভাঙ্গন দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবেশ করছে। বন্যার পানি মনু প্রকল্পের ভেতর প্রবেশ করে রাজনগর উপজেলার উত্তরবাগ, ফতেহপুর ও মুন্সীবাজার ইউনিয়নের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

জানা যায়, মনু ও ধলাই নদীর পানি সবকটি পয়েন্টে বিপদ সীমার নীচে প্রভাহিত হচ্ছে। বাড়ি ঘর ও রাস্তা ঘাট থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। শহরের বাড়ইকোনায় বড়হাটের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতের প্রাথমিক কাজও শুরু হয়েছে।

অপর দিকে একই ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়ন প্লাবিত করছে। বাঁধটি পানিউন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগন মেরামতের চেষ্টা করছে।

এদিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ অব্যাহত থাকায় ওই ইউনিয়নের তিনটি গ্রাম ও মনুমুখ ইউনিয়নের ২টি গ্রাম তলিয়ে রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং ১১৪৩ মেট্রিকটন চাল ত্রাণ বিতরণ করা হয়েছে। ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৬৭ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পূণবার্সনের জন্য বরাদ্ধ হয়েছে ১ হাজার বান্ডিল টিন এবং ৩০ লক্ষ টাকা।

শেয়ার করুন