১৪ জুন ২০১৮


সিলেটে ঢলে প্লাবিত বিস্তীর্ণ জনপদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশুর মৃত্যুসহ বিস্তীর্ণ জনপদ প্লাবিত, বসতঘর ও অনেক ফসলি জমি নষ্টসহ বন্যার পানিতে মানুষজন নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এদিকে বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর সকল পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদ-নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আউশ ফসল, সবজি খেতসহ পাঁচ ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ ও ফসলী জমি তলিয়ে গেছে পানির নিচে। এদিকে সিলেট-কানাইঘাট সড়কের দরবস্ত এবং গোয়াইনঘাট-সারিঘাট সড়কের সারিঘাট অংশ পানিতে তলিয়ে যাওয়ায় এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সুরমা নদীর পানি সিলেটে ২২ সেন্টিমিটার, কানাইঘাটে ২ দশমিক ৬ মিটার এবং কুশিয়ারা নদীর পানি শেওলায় ৯৪ সেন্টিমিটার ও শেরপুরে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপজ্জনক অবস্থায় রয়েছে প্রতিরক্ষা বাঁধের অন্তত ২০টি এলাকা।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, সীমান্তের ওপারে টানা বৃষ্টিপাতের কারণে ঢলে এই প্লাবন। আগামী ২-১ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টি কমলে পানি নামতে শুরু করবে।

(আজকের সিলেট/১৩ জুন/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন