২৬ জুলাই ২০১৭


ঝাড়ু হাতে মেয়র আরিফ!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরকে পরিচ্ছন্ন রাখতে নিজ হাতেই ঝাড়ু নিয়ে আবর্জনা সরিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র আরিফ সিলেটের নাগরিকদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে যথাস্থানে ফেলার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার করার আহ্বানও জানান।

বুধবার সিলেটের আদালত পাড়ায় ঝাড়ু হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।

‘পরিষ্কার হোন-নিরাপদ থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতি ও সিলেট সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আদালত পাড়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সিটি করপোরেশনের ১৫ জন ও আদালতের ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর সমন্বয়ে সমগ্র আদালত পাড়ার ময়লা-আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন করা হয়।

উদ্বোধনের আগে মেয়র আরো বলেন, সিলেটের আদালত পাড়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ আইনি সেবা নিতে আসেন। আদালতের প্রাঙ্গন পরিষ্কার রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। আদালত প্রাঙ্গনে যত্রতত্র পোস্টার, ব্যানার অপসারণের জন্য সঠিক দিক-নির্দেশনা ও সমর্থন প্রদানে আইনজীবীদের সর্মথন প্রয়োজন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান আপনারা অব্যাহত রাখবেন। কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেবেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, জিপি খাদেমুল মিল্লাত প্রমুখ।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান এলাকায় পরিস্কার রাখতে অভিযান শুরু করা হয়েছে। এসব অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকবলের পাশাপাশি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা থেকে লোকবল দিয়ে সহায়তা করা হচ্ছে।

 

 

(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন