৮ জুন ২০১৮


রাজনগরে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : রাজনগরে যুবকের লাশ উদ্ধার মৌলভীবাজারের রাজনগরে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়নাল আবেদীন সান্টু (৩৫) উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

শুক্রবার বেলা ২টার দিকে সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের ওই যুবকের রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জয়নাল আবেদীন সান্টু (৩৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশায় ভুগছিলেন। গত ৪-৫ দিন আগে স্ত্রীর সাথে তার ঝগড়া হলে স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কীটনাশক পান করলে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে রাজনগর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়।

শুক্রবার ভোরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তাকে বিশ্রাম নিতে বলেন। তারা দুপুর ১২টার দিকে খাবার দিতে গেলে তার মৃতদেহ রান্না ঘরের মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজনগর থানার এসআই মো. রাজীব হোসেন বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এটা হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। এ ঘটনায় রাজনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

(আজকের সিলেট/৮ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন