২ জুন ২০১৮
বড়রেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম খালেদ আহমদ (২৭)। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। নিহতের স্বজনদের দাবি, খালেদ মানসিক সমস্যায় ভুগছিলেন।
শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
হাসপাতাল, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামে হলেও তিনি বাবা-মার সঙ্গে জেলার কুলাউড়া উপজেলায় থাকতেন। সেখানে তাদের নিজস্ব একটি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তা তিনি দেখভাল করতেন। সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে তাঁর ঝগড়া হয়। এর জেরে ২৬ মে বাসা থেকে বেরিয়ে যান খালেদ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার রাতে তিনি এলাকায় (দক্ষিণ কাঠালতলী) এলেও বাড়ি যাননি। শনিবার সকালে বাড়ির পাশে রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ অবস্থায় খালেদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
(আজকের সিলেট/২ জুন/ডি/কেআর/ঘ.)