৩১ মে ২০১৮


কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী (৪৫) নিহত হয়েছে। নিহত ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী জেলার কমলগঞ্জ উপজেলার কুমারকাপন গ্রামের মতসিন আলী ওরফে তমছির আলীর ছেলে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, ভোর ৪ টার দিকে কুলাউড়া থানা পুলিশের কাছে খবর আসে পাবই গ্রামে ডাকাত দল হানা দিয়েছে। এসময় পুলিশ ওই এলাকায় দ্রুত পৌঁছালে ডাকাতদল টের পেয়ে যায়। এসময় একটি বাঁশ-ঝাড়ে নিচে ১০/১২ জন ডাকাত অবস্থান করছিল। তারা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করে। একটা পর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে কিছুক্ষণ পর গুলি বিনিময় বন্ধ হয়ে যায়। তখন আশপাশ খুঁজে ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে স্থানীয়দের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তিনি আরো জানান, ইসলামের কাছ থেকে একটি লোকাল গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার পাশ থেকে ৫ টি রাম দা’ উদ্ধার করা হয়েছে। সে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে থানায় ১০ টির বেশি মামলা রয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় কুলাউড়া থানার এসআই ইয়া‌ছিন মিয়া আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, তার বিরুদ্ধে ১০টি বেশি মামলা রয়েছে।

(আজকের সিলেট/৩১ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন