৩০ মে ২০১৮
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মনাই নদীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কান্তি চক্রবর্তী।
জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র গত কয়েকদিন ধরে মনাই নদীতে দুটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ওইদিন বেলা দুইটার দিকে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে এর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।
(আজকের সিলেট/৩০ মে/ডি/এসসি/ঘ.)