৩০ মে ২০১৮


জৈন্তাপুর ও ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশু ও এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আমাদের জৈন্তাপুর প্রতিনিধি জানান, জৈন্তাপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামে মঙ্গলবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় শহীদ আহমদ (১৫) নামে দশম শ্রেণীর ওই ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামের রফিক আহমেদের বড় ছেলে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শহীদ প্রতিদিনের মত গ্রামের মসজিদে তারাবির নামাজ পরে বাড়ি ফেরার সময় স্থানীয় পুকুরে ফেলে রাখা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহীদ।

আমাদের ছাতক প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রুকন মিয়া (১১) কৈতক গ্রামের ছালিক মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৈতক-দৌলতপুর পিডিবির বিদ্যুৎ লাইন থেকে অপরিকল্পিত ভাবে নদীর উপর দিয়ে সংযোগ দেয়া বিদ্যুৎ লাইন নদীতে পড়ে যায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে রুকন মিয়া বাড়ীর পাশে নদীতে গোসল করতে গেলে নদীতে পড়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে আহত অবস্থায় দ্রুত কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আব্দুর রহিম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিডিবি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

(আজকের সিলেট/৩০ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন