২৯ মে ২০১৮


জাফলংয়ে নদী থেকে ভারতীয় নাগরিক সহ ২ জনের লাশ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট জাফলংয়ের পিয়াইন নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। নিহতরা হলেন-কিশোরগঞ্জের ব্রাহ্মণকচুরি এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে রাজিব মিয়া (২২) ও ভারতের জৈন্তাহিলের ডাউকি সেনাংপেডাং এলাকার মৃত গসলিবুড সিংক্রামের ছেলে পাইন লামিন (৩০)। রাজিব পাথর শ্রমিক এবং লামিন নৌকার মাঝি ছিলেন।

মঙ্গলবার সকালে পিয়াইন নদীতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার পাহাড়ি ঢলে পিয়াইন নদীর ভারতীয় অংশে একটি নৌকা ডুবে স্টেইন লামিন নিখোঁজ হন। ঘটনার ৪ দিনের মাথায় তার লাশ পিয়াইন নদীর বাংলাদেশ অংশে ভেসে উঠে। তিনি পেশায় একজন মাঝি। অপরদিকে শুক্রবারে বাংলাদেশ অংশেও নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছিলেন পাথর শ্রমিক রাজিব মিয়া।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, পিয়াইন নদীতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ দুটি উদ্ধার করা হয়। গত শুক্রবার পৃথক দুই নৌকাডুবিতে তারা উভয়ই নিখোঁজ হয়েছিলেন। ভারতীয় যুবকের সন্ধানে বিএসএফ আগেই খোঁজ করেছিল।

(আজকের সিলেট/২৯ মে/ডি/কেআর/ঘ.)

 

শেয়ার করুন