২৬ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সদর উপজেলার মোগলাগাও এলাকার জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন তিনভাই। নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১০) এবং তাদের চাচাতো ভাই আবদুল আমিন (১৬)। এদের মধ্যে দুজন আপন ভাই এবং অন্যজন তাদের চাচাতো ভাই।
শনিবার বিকেলে সিলেট সদর উপজেলার জিলকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার বিকেলে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি মো. শফিকুল ইসলাম বজ্রপাতে তিন ভাইয়ের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
(আজকের সিলেট/২৬ মে/ডি/কেআর/ঘ.)