২৩ মে ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মধু মিয়াকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী।
বুধবার এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধু মিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক। তিনি বিথঙ্গল গ্রামের বাসিন্দা।
একটি সূত্র দাবী করে বলেছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে বানিয়াচঙ্গ উপজেলার বিথঙ্গল গ্রামের প্রমোদ রায়, আরাধন সরকার, লক্ষণ সরকার ও আদম আলীকে নির্মম ভাবে হত্যা করে মধু মিয়া ও তার লোকজন। সূত্র আরও জানায়, নিহতদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। এদিকে, ইউপি চেয়ারম্যান মধু মিয়া আটকের বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।
(আজকের সিলেট/২৩ মে/ডি/এসসি/ঘ.)