২১ মে ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে মীম নামে ৮ বছরের এক শিশু খুন হয়েছে। মীম ওই গ্রামের লাল খার মেয়ে।
সোমবার সকালে পুলিশ মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এর আগে উপজেলার ছাতিয়াইন গ্রামে রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকেলে গাছের আম পাড়াকে কেন্দ্র করে মাসুক মিয়া ও তার বোন জামাই লাল খার পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে হাতাহাতির সময় মাসুক মিয়া গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মীমের বাবা লাল খার অভিযোগ, মাসুক মিয়ার ছেলে রাশেদ মিয়া প্রতিশোধ নিতে দলবল নিয়ে মধ্যরাতে লাল খার বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দায়ের কোপে মীম ঘটনাস্থলেই মারা যায়।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক কাওসার আলম জানান, এখন পর্যন্ত কেউ মামলা দিতে আসেনি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
(আজকের সিলেট/২১ মে/ডি/এসটি/ঘ.)