১৩ মে ২০১৮


জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে সেতুর অ্যাপ্রাচে ধস

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে একটি সেতুর অ্যাপ্রোচ ধসে যাওয়ায় সিলেটের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে সড়কের জগন্নাথপুর পৌরশহরের ভবেরবাজার নিকটবর্তী মুচিবাড়ীর সামনের সেতুটির দুই পাশের অ্যাপ্রোচ অংশ নিচের দিকে ধসে পড়লে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। অনেককে গন্তব্যে যেতে ব্যর্থ হন আবার অনেকে গাড়ি ফিরিয়ে অন্য পথে গন্তব্যে যেতে বাধ্য হন।

স্থানীয়রা জানান, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের একমাত্র অবলম্বন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উল্লেখিত সেতুর পূর্বাংশের দুই পাশের অ্যাপ্রোচের মাটি নিচে ধসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে যায়। ফলে সেতুর দুই পাশে এসে শত শত গাড়ি আটকা পড়ে। নিকট দুরত্বের লোকজন পায়ে হেঁটে অথবা বিকল্প উপায়ে গন্তব্যে পৌছতে পারলেও দূরের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অনেকেই গন্তব্যে যেতে ব্যর্থ হয়ে গাড়ি নিয়ে ফিরে যেতে দেখা যায়। অনেকে আবার বিকল্প পথে গন্তব্যের পথে যাত্র করেন।

সড়কের নিয়মিত যাতায়াতকারী মুজিবুর রহমান বলেন, পুরোনো এ সেতুটির র্দীঘদিন ধরে সংস্কার হচ্ছেনা। ফলে কয়েকবার সেতুটির অ্যাপ্রোচ ধসে পড়ে যানবাহন চলাচল মারাত্মক ভাবে ব্যহত হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। তিনি মজবুদ ও টেকসই সংস্কার কাজের আহবান জানান।

জগন্নাথপুরের পরিবাহন শ্রমিক নেতা নিজামুল হক বলেন, গত কয়েকদিনের অব্যাহত ভারি বর্ষণে সেতুর অ্যাপ্রোচ দুর্বল হয়ে যায়। সকাল ৬টার দিকে হঠাৎ করে অ্যাপ্রোচ সড়কের দুই অংশের মাটি নিচে পড়ে বিশাল গর্ত তৈরী হয়। এ জন্য সিলেটের সঙ্গে ওই সড়কের যানবাহন সরাসরি বন্ধ হয়ে যায়। তবে দুপুরের দিকে কিছু সংখ্যক মিনিবাস বিল্পক সড়ক হিসেবে উপজেলার কেশবপুর-পাটলী সড়ক হয়ে মীরপুর বড় কাপন এলাকা দিয়ে সিলেটে যাওয়া আসা করছে বলে তিনি জানিয়েছেন।

জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘সড়কটি আমাদের আওতাধীন। ক্ষতিগ্রস্থ সেতুর অ্যাপ্রোচে শ্রমিকরা কাজ শুরু করেছে’।

(আজকের সিলেট/১৩ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন