১০ মে ২০১৮


কানাইঘাটে চাচার চাকুর কোপে ভাতিজা খুন

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে কোর্ট ম্যারেজকে কেন্দ্র করে পাষন্ড চাচার চাকুর কোপে ভাতিজা শাহেল আহমদ (২২) খুন হয়েছেন। নিহত শাহেল আহমদ উপজেলার সাতবাঁক ইউপির জুলাই পীরনগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

বুধবার রাতে তাদের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে তার বড় ভাই রাসেল আহমদ পাশর্^বর্তী দলইমাটি গ্রামের শামসুদ্দিনের মেয়ে সুহাদা বেগমকে কোর্টে নিয়ে বিয়ে করেন। এ বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি তাদের চাচা কুতুব আলী, মরম আলী ও চাচাতো ভাইয়েরা।

তাদের ভয়ে সে দীর্ঘ ৩মাস নব বধুকে নিয়ে রাসেল বাড়ির বাহিরে সিলেটে ভাড়াটিয়া বাসায় বসবাস করছিলেন। পরে তার নিহত ভাই শাহেল আহমদসহ পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় বুধবার বিকেল ৪টার দিকে স্ত্রীকে নিয়ে বাড়ীতে আসেন। এতে তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারপিট করেন। ঐ সময় চাচা ও চাচাতো ভাইদের মারপিঠে নিহতের ছোট ভাই অহিদুর রহমান রাজন গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে অপর ভাইরা সন্ধ্যার দিকে থানায় অভিযোগ দায়ের করতে আসেন। পরে সেখান থেকে তারা রাত প্রায় ৯টার দিকে নিজ বাড়িতে চলে যান।
একপর্যায়ে শাহেল আহমদ পুকুরে হাত পা ধুয়ে বসত ঘরে ঢুকতে না ঢুকতেই পূর্বে থেকে উৎপেতে থাকা চাচা কুতুব আলী ধারালো চাকু দিয়ে বুকে আঘাত করে তার সহযোগিদের নিয়ে পালিয়ে যায়।

শাহেল আহমদের চিৎকারে অপর ভাইরা পুকুর থেকে দৌড়ে এসে তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের সিওমেক হাসপাতলে প্রেরণ করেছে।

নিহতের বড় ভাই রাসেল আহমদ কান্নাজড়িত কন্ঠে জানান কী ছিল তাদের অপরাধ? যে এমন অপরাধে তার নির্দোষ ভাইটিকে বাচঁতে দেয়নি ঘাতকরা। নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী সিবানা বেগম ও মা ফাতিমা বেগম শাহেল আহমদের মৃত্যুতে বার বার মুর্ছা যাচ্ছেন এবং ভাইয়েরা পাগল প্রায়। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, ঘটনার সাথে সাথে এলাকা ছেড়ে ঘাতকরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আজকের সিলেট/১০ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন