১০ মে ২০১৮


বানিয়াচংয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

শেয়ার করুন

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিজানুর রহমান (৫২) ও ১২ নং সুজাতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শতমুখা গ্রামের তানিয়া আক্তার।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে অন্যান্যদের সাথে নউল্লার হাওরে ধান কাটছিলেন মিজানুর রহমান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শতমুখা গ্রামে তানিয়া অাক্তার (১৪) নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানিয়া ওই গ্রামের মো. জাহির মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সুজাতপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানিয়া বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

১২ নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস কুদ্দুস শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মে মাসের গত ১০ দিনে বজ্রপাতে বানিয়াচংয়ে ১০ জনের মৃত্যু হয়ছে। প্রতিদিনের বজ্রপাতে প্রাণহানির ঘটনায় এলকায় চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

(আজকের সিলেট/১০ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন