১০ মে ২০১৮


দ্রুত চলছে ফেঞ্চুগঞ্জে নদী ভাঙন এলাকায় সংযোগ সড়কের নির্মাণকাজ

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর-মানিকগঞ্জ সড়কে যানবাহন চলাচলের সুবিধার্থে গংগাপুর এলাকায় সংযোগ সড়কের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
গত শুক্রবার এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। নদী ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর চান্দপুর-মল্লিকপুর-মানিকগঞ্জ সড়কটি সচলের উদ্দেশ্যে নির্মাণ কাজ শুরু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, কুশিয়ারা নদীর ভাঙনে কারণে চান্দপুর-মল্লিকপুর-মানিকগঞ্জ সড়কের উজান গংগাপুর এলাকায় সড়কটি নদী গর্ভে বিলীন হলে গত নভেম্বর থেকে যানবাহন চলাচল বিচ্ছিন্ন ছিলো। সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান উদ্দিন ভাঙন এলাকার সন্নিকটে বসবাসকারী নুর উদ্দিনের সাথে কথা বলেন।

এ সময় তারা আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করে জনদুর্ভোগ লাঘবে সড়কের জন্য বসতঘরটি ছেড়ে দিতে বললে জনস্বার্থে নুর উদ্দিন সড়কের জন্য পাকা বসতঘর ভেঙে দিতে সম্মত হন এবং ওইদিন দুপুর থেকে নুর উদ্দিনের পাকাঘর ভেঙে সড়ক নির্মাণের কাজ শুরু হয়। গত চারদিন ধরে সংযোগ সড়কের নির্মাণ চলছে। কাজ তদারকি করছেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান উদ্দিন।

এ বিষয়ে নুর উদ্দিন বলেন, জনপ্রতিনিধিরা আমাকে আশ্বাস দিয়েছেন আমার জন্য বিকল্প ব্যবস্থা করবেন। সড়কের জন্য পাকা বসতঘর ভেঙে দিয়েছি। এতে জন দুর্ভোগ লাঘব হবে।

এ ব্যাপারে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. এমরান উদ্দিন বলেন, প্রতিদিন গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন। দীর্ঘ ছয় মাস পর যানবাহন চলাচল করায় মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। সকলের সার্বিক সহযোগিতার কারণে দীর্ঘদিন পর গুরত্বপূর্ণ এই সড়কদিয়ে যানবাহন চলাচল করবে।

(আজকের সিলেট/১০ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন