৭ মে ২০১৮
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে লাঘাটা ছড়ার পানিতে ডুবে রাশেদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তির সিএনজি অটোরিক্সা চালক আজমত মিয়ার ছেলে।
সোমবার সকাল ৭টার দিকে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রাম এলাকায় লাঘাটা ছড়ায় তার ভাসমান লাশ পাওয়া যায়। এর আগে রোববার সন্ধ্যায় লাঘাটা ছড়ায় ডুবে যায় রাসেদ।
জানা যায়, রোববার শিশু রাশেদ ভরা লাঘাটা ছড়ায় পড়ে গেলে অনেক খোঁজেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে তার লাশ ভেসে উঠে। গ্রামবাসীরা লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষে রোববার রাতে কমলগঞ্জ থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
লাশ উদ্ধারের খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল শিশুর লাশটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।
শিশু রাশেদুলের বাবা আজমত মিয়া শিশু পুত্র ভরা ছড়ার পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতা বশতঃ এ দুর্ঘটনাটি ঘটেছে।
কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম লাঘাটা ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু ও লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।
(আজকের সিলেট/৭ মে/ডি/এমকে/ঘ.)