৪ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দিনভর দুর্ভোগের পর সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ডের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেট-ঢাকা সড়কে হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ফলে শুরু হয়েছে বাস চলাচল।
শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক আজকের সিলেট ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ ছিলো।
সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, মৃত্যু ফান্ডের টাকা দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হতো। এজন্য প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হয়। কিন্তু সম্প্রতি চাঁদার পরিমাণ ৫০ টাকা করা হয়। এর প্রতিবাদে ঢাকা পরিবহন মালিক সমিতি সিলেটে বাস চলাচল বন্ধ করে দেয়।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ বাস টার্মিনালগুলোতে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে। তবে শুক্রবার বন্ধের দিন হওয়ায় যাত্রী সংখ্যা অনেকটা কম। তবে এনা পরিবহনের বাসগুলো চলাচল করায় অন্যান্য দিনের ধর্মঘটের তুলনায় যাত্রীদের দুর্ভোগে ছিলো চরম।
(আজকের সিলেট/৪ মে/ডি/এমকে/ঘ.)