২ মে ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঝড়ের কারণে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবপুরের আহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দিকে মাধবপুরে এলাকায় ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি খুঁটি পড়ে গিয়ে বিদ্যুতের তার রাস্তায় পরে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হায়দার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের পা পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে দুইজন স্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(আজকের সিলেট/২ মে/ডি/এমকে/ঘ.)