২ মে ২০১৮


পান দোকানদারকে যুবলীগ-ছাত্রলীগের মারধর!

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে হামলায় পান দোকানদার শাহীন আহমদ (৪৫) ও তার শ্যালক জাবেদ আহমদ (২৫) আহত হয়েছেন। হামলাকারীরা যুবলীগ-ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে থানা সংলগ্ন ভোজনঘর নামের রেস্টুরেন্ট’র সামনের শাহীন পান ভান্ডারে হামলার এ ঘটনা ঘটে। গুরুত্ব আহত দু’জনকে উপজেলার কাদিপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পাওনা টাকার জের ধরে যুবলীগ নেতা নিজাম উদ্দিন, মনোহর হোসেন মুন্না বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্যসহ কয়েকজনকে নিয়ে যুবলীগ নেতা অ্যাডভোকেট শাহেদ আহমদ সায়েদ তার ওপর এ হামলা চালিয়েছেন বলে পানদোকানদার শাহিন আহমদ ও প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন।

পান দোকানী শাহীন জানান, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা অ্যাডভোকেট শাহেদ আহমদ সায়েদ পানদোকানদার শাহীনের নিকট থেকে হরহামেশাই টাকা পয়সা ধার নিয়ে থাকেন। সোমবার একইভাবে ১০টাকা ধার চাইলে শাহীন টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন এবং আগের টাকা (পাওনা টাকা) পরিশোধ করতে বলেন। এসময় ক্ষিপ্ত হয়ে অ্যাডভোকেট সায়েদ শাহীনকে মদ-গাঁজা দিয়ে ধরিয়ে দেবার হুমকি দেন। এতে ভয় পেয়ে পান দোকানদার শাহীন ওইদিন রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

থানায় অভিযোগ করায় পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে যুবলীগ নেতা অ্যাডভোকেট শাহেদ আহমদ সায়েদ, যুবলীগ-ছাত্রলীগের কয়েকজনকে নিয়ে তার ওপর এ হামলা চালান। এতে তিনি ও তার শ্যালক আহত হন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই বিনয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, কি বলবো, এর চেয়ে দুঃখজন ঘটনা আর কি হতে পারে।

(আজকের সিলেট/২ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন