৩০ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি ‘নির্বাচন পরবর্তী সহিংসতার’ একটি মামলায় ছাত্রদল-যুবদল নেতাসহ ১৯ আসামি বেকসুর খালাস পেয়েছেন।
সোমবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়েদ এই খালাসের রায় প্রদান করেন।
খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সালিশি ব্যক্তিত্ব চন্দন মিয়া, বিএনপি নেতা খোয়াজ আলী, আরব আলী, ছুফি মিয়া, যুবদল নেতা কপি মিয়া, আব্দুল জব্বার, আবদাল মিয়া, আব্দুস সালাম, আব্দুল কালাম, আব্দুল মুকিত, মোবারক হোসেন, আব্দুল আজিজ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাদশা, যুবদল নেতা সাহেল আহমদ, দবির আলী, বাবুল আহমদ, আখতার মিয়া, আলতাব আলী।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, ‘পাঁচ জানুয়ারি নির্বাচনের সময়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে এবং পরদিন পার্শ্ববর্তী নতুন বাজারে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা রোকন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে দীর্ঘ শুনানি শেষে সোমবার আমাদের ১৯ জনকে বেকসুর খালাস দেন আদালত।’
তিনি জানান, আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট খোকন বাবু এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল ও আজিজুর রহমান সুমন।
(আজকের সিলেট/৩০ এপ্রিল/ডি/এসটি/ঘ.)