৪ মে ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক শিবির নেতাকে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি করার অভিযোগ উঠেছে। ষাম্প্রতি গঠিত কুলাউড়ার ১১নং শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে তার নাম রয়েছে বলে জানা গেছে।
নবগঠিত কমিটি নিয়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। অনেকেই অভিযোগ তুলেছেন গঠনতন্ত্র না মেনে অধিক বয়সী অছাত্র এবং শিবির নেতাকে সহ-সভাপতির পদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
নতুন কমিটিতে মো. মিজান আহমেদ নামে সাবেক এক শিবির নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেয়ায় ক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা। এদিকে বিতর্কিত নেতা মিজানের ফেইসবুক আইডিতে দেখা গেছে বিভিন্ন সময়ে সরকারবিরোধী এবং জামায়াত শিবিরের পক্ষে পোস্ট রয়েছে।
অপরদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি তার ব্যক্তিগত ফেসবুক আকাউন্টে এক স্ট্যাটাসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার সেই স্ট্যাটাসটি বিবার্তা পাঠকদের জন্য হুবহু তুলে দরা হলো, ‘জামায়াত শিবির আর বিদেশ ফেরত, ৩১বছর বয়সী অষ্টম শ্রেণি পাস দিয়ে শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সহ-সভাপতি নির্বাচিত…
সাবাস কুলাউড়া ছাত্রলীগ, সাবাস ….
আমার বুকে এভাবেই বুঝি তোরা ছুরিকাঘাত করলি…?’
এ বিষয়ে অভিযুক্ত মিজান আহমদের সাথে কথা হলে তিনি বলেন, আমি কখনই শিবির করতাম না। আমার ফেইসবুক আইডি বিভিন্ন সময়ে হ্যাক হয়েছিল। আমি এসব পোস্ট কখনই করিনি।
এদিকে নবগঠিত কমটির সভাপতির পদ নিয়েও উঠেছে অভিযোগ। আর অভিযোগ করেছেন নতুন কমিটিতে পদ পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা।
তিনি বলেন, নবগঠিত কমিটিতে মোবারক আলীকে সভাপতি করা হয়েছে। যিনি কিনা সদ্য বিদেশ ফেরত। তিনি বলেন, তার থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে মোবারক আলী একজন অছাত্র।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী রবিন জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(আজকের সিলেট/৪ মে/ডি/কেআর/ঘ.)