৩০ এপ্রিল ২০১৮


টানাছুটিতে মৌলভীবাজারে পর্যটকদের ভিড়

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে মৌলভীবাজারে। দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে সরগরম মৌলভীবাজার। বিশেষ করে পর্যটকদের পাদচারণায় মুখর মৌলভীবাজারের শ্রীমঙ্গল।

সাপ্তাহিক ছুটিসহ বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবে বরাতের কারণে টানা ছুটিতে মৌলভীবাজার পর্যটকদের পাদচারণায় মুখরিত।

পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে শ্রীমঙ্গল সহ জেলার সব পর্যটন স্পট, হোটেল-মোটেল। ইতি মধ্যে জেলার হোটেল মোটেলেরগুলো সব বুকিং হয়ে গেছে।

সাধারণত দুই ঈদের সময় মৌলভীবাজারে পর্যটকদের এমন ঢল নামে। ঈদ ছাড়া স্মরনকালে এত পর্যটকের ঢল নামেনি বলে জানিয়েছেন জেলার ওয়েস্টার্ন হোটেলের ব্যবস্থাপক মো. মঞ্জুরুল লতিফ মঞ্জু।

এবার ঈদের আগেই টানা ছুটির কারণে পর্যটকরা ছুটে এসেছেন মৌলভীবাজারে। ঢাকা থেকে ব্যাংক কর্মকর্তা মুহিউদ্দিন আলম এসেছেন সপরিবারে তিনি জানালেন, ব্যস্ত নাগরিক জীবনে এত লম্বা ছুটি মেলেনা। যেহেতু টানা ছুটিতে একটা সুযোগ এলো তাই পরিবারের সাথে সময় কাটানোর এই প্রচেষ্টা।

বর্ষা এবং শীতে দুইটি আলাদা রূপে সাজে প্রকৃতি কন্যা মৌলভীবাজার। বর্ষায় সবুজের সমারোহ নাড়া দেয় প্রকৃতিপ্রেমীদের।

মৌলভীবাজারের দৃষ্টিনন্দন স্থান সমূহ এক নজর দেখতে মরীয়া দূরদূরান্ত থেকে আগত ভ্রমণ পিপাসু পর্যটকরা।

রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায় আবহাওয়াটাও দারুণ উপভোগ্য। এসুযোগটা কাজে লাগাচ্ছেন ইট-পাথরের বেষ্ঠনীতে থাকা ব্যস্ত নাগরিকরা।

তাই ভ্রমণ পিপাসু পর্যটকদের আগমনে সরগরম হয়ে উঠেছে দেশের স্বনামধন্য পর্যটন এলাকা মৌলভীবাজার ভিড় বেড়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেইক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগানসহ স্থানীয় দর্শনীয় স্থানসমূহে।

ময়মনসিংহ থেকে শ্রীমঙ্গলে এসেছেন ইসরাত আক্তার , তিনি জানালেন মৌলভীবাজারের প্রকৃতির প্রতি তার ভালবাসা অনেক পুরাতন, তিনি সুযোগ পেলে বারবার আসতে চান।

দিনের বেলায় পর্যটন স্পটসমূহ ঘুরে দেখে রাতে শহরের বিপণি কেন্দ্র সময় পার করছেন পর্যটকরা। পর্যটক সমাগম বাড়ায় তারকা হোটেল, পর্যটন মোটেল, গেস্ট হাউসসহ আবাসিক প্রতিষ্ঠানগুলোতে টানা পূর্ণ বুকিংসহ রেস্তোরাঁ এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তৃপ্তির নিঃশ্বাস ফেলছেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি৭১ সহ বিভিন্ন চা বাগান এলাকার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের গাড়ি রয়েছে প্রায় শতাধিক। বাস, মাইক্রো বাস, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের গাড়ি লক্ষ করার মত।

টানা ছুটিতে দিনগুলোতে চা বাগানের আশে পাশে পর্যটকদের বেশ সমাগম লক্ষণীয়।

শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ টি হ্যাভেন রিসোর্ট এর ম্যানেজার পাবক সেন বাবু জানান, টানা ছুটির কারণে অন্যান্য সময়ের তুলনায় পর্যটকদের সংখ্যা বেশী। ইতিমধ্যে দুই দিন শ্রীমঙ্গলে থেকে অনেকে ফিরে যাচ্ছেন আবার নতুনরা আসছেন।

বৃহস্পতিবার থেকেই শহর ও আশে পাশের সকল হোটেলের প্রায় সমস্ত কক্ষ আগাম বুকিং হয়ে যায়। চলতি সপ্তায় শহরের অনেক হোটেল পূর্ণ বুকিং হয়ে আছে।

ভ্রমণ পিপাসুরা সমান তালে মাধবপুর লেইক, শ্রীমঙ্গল বধ্যভূমি, মাধবকুণ্ড ও হাম হাম জলপ্রপাতেও, হাকালুকি বেড়াতে যাচ্ছেন।

এদিকে আগের সময়ের চেয়েও পর্যটক সেবার প্রতি বাড়তি নজর দিচ্ছে প্রশাসন। সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ পর্যটন এলাকায় টহলে রয়েছেন।

মৌলভীবারের পুলিশ সুপার মো. শাহজালাল জানান, টানা ছুটিতে পর্যটকরা আসবে তা আমরা আগেই ধারনা করেছি। পর্যটকদের নিরাপত্তায় পর্যটন স্পটসমূহে নিয়মের চেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সাথে সমন্বয় করে সারা জেলায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়াও হোটেল মোটেল ও রিসোর্ট সমূহের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে পুলিশ।

(আজকের সিলেট/৩০ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন