২৭ এপ্রিল ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে অটোরিকশার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার সিএনজি সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে এসে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ সরিয়ে দিতে চাইলে অটোশ্রমিকরা সড়ক থেকে সরে যেতে রাজি হয়নি। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অটোশ্রমিকরা। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ধাওয়া ও সংঘর্ষে শায়েস্তাগঞ্জ থানার ওসিসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করায় বৃহস্পতিবার পাঁচটি গাড়ি আটক করে পুলিশ। পরে সিএনজি শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সিএনজিগুলো ছেড়ে দেয়ার জন্য দাবি করা হয়। সিএনজি ছেড়ে না দেয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা নসরতপুর মোড়ে মহাসড়কে অবরোধ করলে পুলিশ তাদের নিষেধ করে। এর একপর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর হামলা করে।
(আজকের সিলেট/২৭ এপ্রিল/ডি/এমকে/ঘ.)