২৯ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আফগানিস্তান নয়, কাজেই দু-একটি দেশের হুমকি ধামকিতে কোন লাভ হবেনা বলে মন্তব্য করে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেছেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ-বিশ্বের ৩৩তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভরশীল। সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক আছে। বাংলাদেশ আফগানিস্তান নয় কাজেই দু-একটি দেশের হুমকি ধামকিতে কোন লাভ হবে না।
শুক্রবার সকালে সিলেট নগরীর উপশহর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তাদের অসহযোগ আন্দোলনকে দু:খজনক, তারা মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবেনা। কিন্তু বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এডভোকেট আফসর আহমদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন, সৈয়দা রাবেয়া ইসলাম, সুলতানা বেগম, ওয়ার্ড সভাপতি জাভেদ আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ, তারেক আহমদ, সুযেব আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।