১৮ এপ্রিল ২০১৮

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্ববধানে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী এ প্রোগ্রামে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আজমির সিংমালিক (ভারত), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. জিয়াউল আমিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম বুরহান উদ্দিন।
সকাল সাড়ে ৯ ঘটিকায় শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে উপাচার্যের সেমিনার কক্ষে বিশেষজ্ঞদের সৌজন্য সাক্ষাত হয়। এ সময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমসহ এফইটি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, সদস্য অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সদস্য সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কিছু সমস্যা আছে। সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে কথা হয়েছে। আমি বিশ্বাস করি, অচিরেই সমস্যার সমাধান করে শাবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
সৌজন্য সাক্ষাত শেষে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের পক্ষ থেকে উপাচার্য, আইকিউএসির পরিচালক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও বিশেষজ্ঞদের ক্রেস্ট প্রদান করা হয়।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৭ এপ্রিল/ঘ.)