১৭ ডিসেম্বর ২০২৩


হরতালের তারিখ পরিবর্তন করলো বিএনপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: আগামীকাল সোমবার সিলেটসহ দেশজুড়ে সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। সেই হরতালের কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালনের ঘোষণা দেয় দলটি। রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

হরতালের তারিখ পরিবর্তনের বিষয়ে রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যাওয়ায়, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলগুলো হরতাল কর্মসূচি পালন করবে।

শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর আগে গত মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হাসপাতালে ভর্তির কারণ হিসেবে ‘জরুরি স্বাস্থ্য সমস্যা’র কথা জানিয়েছিল।

উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন