১৫ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সব শ্রেণি-পেশার মানুষদের জন্য উন্মুক্ত থাকবে। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরই লাউয়াছড়া বনের অবস্থান। এই উদ্যান বাংলাদেশের অন্যতম বন। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এ বন অবস্থিত।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনা টিকিটে পর্যটকদের জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য উন্মুক্ত থাকবে।
শুধুমাত্র মহান বিজয় দিবস উপলক্ষে সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে জাতীয় উদ্যানে প্রবেশের সুযোগ পাবেন জানিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজয় দিবসে লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইন অনুসারে ২ হাজার ৭৪০ হেক্টর আয়তনের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনের ১ হাজার ২৫০ হেক্টর এলাকা নিয়ে ১৯৯৬ সালে সরকার লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলকে ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করে।