১৪ ডিসেম্বর ২০২৩
সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন হরিপুর এলাকায় ১০ নম্বর কূপ ঘিরে নতুন সম্ভাবনা। ছবি : সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : একের পর এক সম্ভাবনার দ্বার খোলছে প্রকৃতিকন্যা সিলেটে। জেলার-১০ নম্বর কূপের পাশেই নতুন আরও একটি কূপ থেকে বহুল পরিমাণ তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সম্প্রতি দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন সম্ভাবনার এমন সুসংবাদ জানিয়ে সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘ভূতাত্ত্বিক কারণে সিলেট অঞ্চলে অনেক খনিজ সম্পদ রয়েছে। গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য সিলেটের এক হাজার ৬৫ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরইমধ্যে ৯০০ বর্গমিটার এলাকায় জরিপ সম্পন্ন হয়েছে। এ জরিপের রিপোর্টে নতুন কিছু ইঙ্গিত পেয়েছি। নতুন কিছু কূপ খনন করতে পারব।’
তিনি বলেন, ‘ত্রিমাত্রিক জরিপের রিপোর্ট অনুযায়ী সিলেট-১০ এর কাছাকাছি টুপিটিলায় গ্যাস-তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। টুপিটিলায় তেল ও গ্যাস দুটোই অনুসন্ধানের জন্য একটি কূপ খনন করা হবে। সেখান থেকে তেল ও গ্যাস দুটিই পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শুরুতে এ কূপের খননকাজ শুরু হবে।’
এর আগে গত রোববার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় ১০ নম্বর কূপ থেকে চারস্তরের তেল-গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চারস্তরের মধ্যে একটি স্তরে সম্পূর্ণ তেলের খনি রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।