১৪ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আজ ১৪-ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সিলেটে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে বুদ্ধিজীবীদের। দিবসটি উপলক্ষে নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বৃহস্পতিবার সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
একে একে সিলেটের শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন, সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ সিলেট রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ,জেলা ও মহানগর প্রেসক্লাব,জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিটসহ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধা নিবেদন করে।
এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হয়ে বিনম্র চিত্তে স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের।
এদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য,১৯৭১ সালের এই দিনে (১৪ ই ডিসেম্বর) দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. আলীম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভীনসহ আরও অনেকে।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।